রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার গঙ্গাচড়া-রংপুর সড়কের আরাজি নিয়ামত (পান্নুর মিল) থেকে শুকান চৌকি পাকা সড়ক পর্যন্ত উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গঙ্গাচড়া উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে এ উন্নয়নকাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, সড়কটি উন্নত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও আর্থসামাজিক উন্নয়নে সড়কটি ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, সদর ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, মিডিয়া বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি ফজলুল হক, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আসাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।