তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে শিশুদের জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবসভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে দুপুর ১২টায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু বকর সিদ্দিক সবুজসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, বাদ জোহর মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩.৩০ ঘটিকায় তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং রাত ৮টায় ঐতিহ্যবাহী তেতুলতলায়  প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দেশাত্মবোধক গানের আয়োজন রাখা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে দিবসের আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave Your Comments