ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক চারলেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন ডেপুটি স্পিকার

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
news-banner
নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৮ নভেম্বর-২০২৬ ইং তারিখ রোজ রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো এক(ডিও)পত্রে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
পত্রে ডেপুটি স্পিকার উল্লেখ করেন, নেত্রকোনা-১(কলমাকান্দা-দুর্গাপুর) নির্বাচনী এলাকাসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই লেনের এ মহাসড়কটির ধারণক্ষমতা ও জ্যামিতিক সীমাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। 
ফলে মহাসড়কটি চার লেনে উন্নীত করা সময়ের দাবি।তিনি পত্রে উল্লেখ করেন, মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলে যানবাহন চলাচলের সক্ষমতা ও গতিশীলতা বাড়বে। 
পাশাপাশি যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমবে, সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কৃষি, মৎস্য ও শিল্পপণ্য দ্রুত পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া নেত্রকোনার বিরিশিরি, দুর্গাপুর, সোমেশ্বরী নদীসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং হাওরাঞ্চলে যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। এতে পর্যটনশিল্পের বিকাশ, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে পত্রে উল্লেখ করা হয়।
ডেপুটি স্পিকার আরও বলেন, বর্তমানে দুই লেনের মহাসড়কে বিপরীতমুখী যানবাহন চলাচলের কারণে মুখোমুখি সংঘর্ষসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। চার লেনে উন্নীত করা হলে সড়ক বিভাজিকা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপদ পারাপারের সুযোগ তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো যাবে।
পত্রে আরও উল্লেখ করা হয়, মহাসড়কটি চার লেনে উন্নীত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের সংযোগ আরও শক্তিশালী হবে।
 এতে নেত্রকোনাসহ উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থার সক্ষমতা ও কার্যকারিতা বাড়বে।এ প্রেক্ষাপটে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা, পরিকল্পনা ও প্রকল্প গ্রহণসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
কলমাকান্দা ও দুর্গাপুরসহ নেত্রকোনার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ-সংশ্লিষ্ট চাহিদা পূরণে মহাসড়কটি চার লেনে উন্নীত করার এ প্রস্তাব বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের সড়ক যোগাযোগ, অর্থনীতি ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।

Leave Your Comments