পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞাও অর্জন করতে হবে। মেধাবী প্রজন্মই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাগেরহাটসহ সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
তিনি আজ (শনিবার) বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বৃত্তি অর্জন কেবল একটি স্বীকৃতি নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য একটি বড় দায়িত্ব। জেলা পরিষদ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে যে বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করেছে, তা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরও বলেন, উপকূলীয় এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও নানা পারিবারিক প্রতিকূলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে। তাই তাদের পাশে দাঁড়িয়ে শিক্ষা অব্যাহত রাখা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব।
শেখ ফরিদুল ইসলাম বলেন, জনগণের করের অর্থে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছে। ফলে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। ব্যক্তিগত সাফল্যের গন্ডি পেরিয়ে সমাজ, দেশ ও মানবকল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। তিনি সকল কৃতি শিক্ষার্থীকে সমাজ ও সভ্যতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপ দাশ, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: জাহাঙ্গীর আলী ও খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আবু রিয়াদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সামানিয়া জান্নাত অহনা ও মো: আরহাম গাজী। বাগেরহাট জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বাগেরহাট সদরসহ জেলার নয়টি উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ^বিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের চারশত ১৮জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ২৭ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।