বাগেরহাট হাসপাতালের আউট সোর্সিং কর্মীদের চাকুরি বহালের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ

Date: শনিবার, জুন ২৭, ২০২৬
news-banner
বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি জানিয়েছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা।শনিবার (২৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সদস্যরা।

লিখিত বক্তব্যে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্মচারী রবিউল হাসান আকাশ বলেন, হাসপাতালের সকল নিয়মকানুন মেনে আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সকল আদেশ-নিষেধ ও নির্দেষনা অনুযায়ী আমরা কাজ করি। হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সিরিয়াল নির্ধারণ, গুরুত্বর অসুস্থ্য রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়াসহ বিভিন্ন কাজ আমরা দক্ষতার সাথে করছি। কিন্তু সম্প্রতি এইচ আর ডি এ্যান্ড ই এজেন্সি নামের নতুন ঠিকাদার নিয়োগ হওয়ার পর থেকে আমাদেরকে বাদ দিয়ে নতুন কর্মচারী নেওয়ার পায়তারা করছে। কিন্তু সরকারি নীতিমালা রয়েছে, আউটসোর্সিং কর্মচারীরা কোন অপরাধ না করলে, তাদেরকে বাদ দেওয়া যাবে না। এরপরও নতুন ঠিকাদার আমাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে নতুন কর্মচারী নিয়োগের চেষ্টা করছে। আমরা চাই, আমরা যারা দীর্ঘদিন কাজ করছি, আমাদের চাকুরী বহাল থাকুক।

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন বলেন, আমাদের নিয়োগ দুই বছরের মত হলেও, এখানে অনেক কর্মচারী আছে যিনি ১০ বছরের বেশি সময় ধরে হাসপাতালে সেবা দিচ্ছেন। অনেকে আরও বেশি সময় ধরে সেবা দিচ্ছে।দীর্ঘদিন নাম মাত্র বেতন এমনকি বিনা বেতনে সেবা দিতে দিতে দক্ষ হয়েছে এবং এসব কর্মচারীদের উপর হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা গ্রহিতারা অনেক খুশি তারপরও আমাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের চাওয়া একটাই, আমাদের চাকুরী বহাল চাই।

২০২৪ সালের ১৩জুন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬৬ জন আউটসোর্সিং কর্মচারী যোগদান করেন। যোগদানের সময় তাদের কাজের মেয়াদ ছিল ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

তবে ২০২৫ সালের ২০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহন নীতিমালা-২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সে নির্দেশনা অনুযায়ী, কোন প্রতিষ্ঠান কর্তৃক আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়ের ক্ষেত্রে সেবাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তি বা চুক্তি নবায়নের সমসয় কর্মরত সেবা কর্মীদের যৌক্তিক কারণ ব্যতীত বাদ দেওয়া যাবে না। তবে যৌক্তিক কারণে বা দেওয়ার প্রয়োজন হলে আউটসোর্সিং সেবা পরিবীক্ষন কমিটির তপসিল-ক অনুযায়ী মতামত গ্রহন করতে হবে।

নতুন করে নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ আর ডি এ্যান্ড ই এজেন্সি‘র স্বত্তাধিকারী মোঃ সাইদুর রহমানকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, নতুন ঠিকাদার নতুন কর্মচারীদের তালিকা দিয়েছেন। এর মধ্যে পুরোনো ১০ জনকে রেখেছেন। আউটসোর্সিং বিষয়ক আমাদের যে কমিটি রয়েছে, এই কমিটি পুরো বিষয়গুলো যাচাই-বাচাই করে সিদ্ধান্ত নিবে।

Leave Your Comments