রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদকঃ

Date: সোমবার, এপ্রিল ০৬, ২০২৬
news-banner
তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিংয়ে নারী সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে রাজশাহীতে।

UNESCO (ইউনেস্কো) এবং South Asia Center for Media in Development (সাকমিড)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকতার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন University of Rajshahi-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ের নির্বাচন কাভারেজে সাংবাদিকদের পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন North Bengal International University-এর যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল জাহান।

কর্মশালার তিন দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম দিনে স্থানীয় ক্ষমতার কাঠামো, শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে রিপোর্টিং; দ্বিতীয় দিনে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা; এবং তৃতীয় দিনে তথ্যের সত্যতা যাচাই ও তথ্যের অখণ্ডতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা তৃণমূল পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া, তথ্য যাচাই, নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। কর্মশালায় ইন্টারেক্টিভ সেশন, গ্রুপ ওয়ার্ক ও ব্যবহারিক অনুশীলনের আয়োজন ছিল, যা তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কর্মশালার বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করে সাকমিড এবং পৃষ্ঠপোষকতা প্রদান করে ইউনেস্কো।

Leave Your Comments