সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি অবৈধ ইটভাটায় ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর মেসার্স এসকেবি ব্রিকস ৬ লক্ষ টাকা এবং কোদলাদিঘর মেসার্স বন্ধন ব্রিকস ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভুইয়াগাঁতী মেসার্স এস এন্ড বি নামক ইটভাটাকে এপ্রিল ২০২৬ মাসের মধ্যে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন, এ সময় প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শাহীন আলম। সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহয়তা করেন। সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।