পঞ্চগড়ের তেঁতুলিয়া মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উপজেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই কার্যক্রম। মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে এই বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও মেধাবী খেলোয়াড় তুলে আনতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তাদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার নাফিজুল ইসলাম উপজেলা ক্রীড়াবিদ সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ । উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু জাফর হাওলাদার বলেন,এই বাছাই কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন পর্যায়ের খুদে অ্যাথলেট ও খেলোয়াড়দের দক্ষতা যাচাই করা হবে। এখান থেকে নির্বাচিত খেলোয়াড়রা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
আজ প্রথম দিনেই মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।