১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ জেলে

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

Date: রবিবার, মে ০৩, ২০২৬
news-banner
সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনীর জিম্মিদশা থেকে ১৩ দিন পর মুক্তি মিলেছে বাগেরহাটের শরণখোলার ৬ জেলের। মুক্তিপণের টাকা পরিশোধ করে শনিবার (২ মে) সকালে তারা বাড়ি নিজ নিজ ফিরেছেন। গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা এলাকা থেকে তাদেরকে অপহরণ করেছিল ওই দুই বনদস্যু বাহিনী। 
দস্যুদের কবল থেকে ফিরে আসা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের পানিরঘাট এলাকার জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীসহ ৬ জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন। ১৩ দিন জিম্মি থাকার পর তাদের মহাজন মুক্তিপণের টাকা পরিশোধ করে ছাড়েিয় এনেছেন। ফিরে আসা অন্যজেলেরা হলেন আনোয়ার বয়াতী, কিবরুল, মহসিন ও আ. সালাম। তবে এদের মধ্যে এক জেলের নাম জানাতে পারেননি তিনি। 
নিরাপত্তাজনিত কারণে জেলেদের মহাজন শরণখোলা বাজারের মৎস্য ব্যবসায়ী জানান, বনদস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনী তার ৬ জেলেকে গত ২০ এপ্রিল মুক্তিপণের দাবীতে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে। দস্যুদের দাবিকৃত মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করার পর জেলেদের ছেড়ে দেয়। 
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ওই মৎস্য ব্যবসায়ী জানান, বর্তমানে সুন্দরবনে চলছে দস্যুদের নীরব চাঁদাবাজি। জেলে-মৌয়ালরা অসহায় হয়ে পড়েছেন। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবার বিপদে পড়বে সেই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। এখনো ৭ থেকে ৮জন জেলে ও মৌয়াল দস্যু বাহিনীর আস্তানায় জিম্মি থাকার কথা জানিয়েছেন তার জেলেরা। 
এব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার খবর তার জানা নেই। কেউ কোরো অভিযোগও করেনি থানায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave Your Comments