প্রবল ইচ্ছাশক্তি আর অদম্য সাহসের ওপর ভর করে অবশেষে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর লক্ষ্য পূরণ করলেন চার তরুণ।
পরিবেশ রক্ষা, নারী শিক্ষা ও শিশুস্বাস্থ্যের সচেতনতার বার্তা নিয়ে টেকনাফের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই দীর্ঘ ১ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে তারা এখন হিমালয় কন্যা তেঁতুলিয়ার বাংলাবান্ধায়।
গত ২১ এপ্রিল ভোর ৪টায় কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হওয়া এই চ্যালেঞ্জিং যাত্রা সফলভাবে শেষ হলো মাত্র ১৮ দিনে। এর মাধ্যমে ২০১৭ সালে গড়া ২০ দিনে টেকনাফ-তেঁতুলিয়া পাড়ি দেওয়ার পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন এই তরুণেরা।
প্রতিদিন গড়ে ৬০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন আসিফুল হক (পাভেল), এহসানুল হক (সানি), আসিফ আকবর ও মোহাম্মদ আব্দুল্লাহ। এই দীর্ঘ যাত্রায় তাদের সবচেয়ে বড় রোমাঞ্চকর ও কঠিন চ্যালেঞ্জ ছিল যমুনা নদী সাঁতরে পার হওয়া। নিরাপত্তার জন্য সাথে বোট থাকলেও সাড়ে চার কিলোমিটারের দীর্ঘ পথ সাঁতরে পার হয়ে তারা তাদের মানসিক দৃঢ়তার প্রমাণ দিয়েছেন।
যাত্রাপথের প্রতিটি বিরতিতে তারা স্থানীয় মানুষের কাছে তিনটি প্রধান বার্তা পৌঁছে দিয়েছেন:পরিবেশ ও প্রকৃতি রক্ষা, নারী শিক্ষার গুরুত্ব। শিশুস্বাস্থ্যের সুরক্ষা ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান।
দলের নেতা আসিফুল হক জানান, "লক্ষ্য ছিল ১৮ দিনের মধ্যে নতুন রেকর্ড গড়া। শারীরিক ও মানসিক অনেক প্রতিবন্ধকতা থাকলেও তেঁতুলিয়ার মাটি ছোঁয়ার স্বপ্ন আমাদের থামতে দেয়নি।" পঞ্চগড়ের সন্তান আসিফ আকবরের জন্য এই যাত্রা ছিল নিজ জন্মভূমিতে ফেরার এক অনন্য গৌরব।
অপসোনিন ফার্মা লিমিটেডসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় পরিচালিত এই অভিযান কেবল একটি রেকর্ড নয়, বরং তরুণ প্রজন্মের সক্ষমতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।