পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালুভর্তি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে মোঃ আনোয়ার হোসেন (২১) নামের এক তরুণ ট্রলি চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) আনুমানিক বিকালে তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের ধারাগছ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার ডাহুক গুচ্ছগ্রামের মৃত ইব্রাহীমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অদ্য দুপুরে চালক আনোয়ার হোসেন বালুভর্তি একটি ট্রলি নিয়ে দ্রুত গতিতে মাঝিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রলিটি শালবাহান ইউনিয়নের ধারাগছ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে পড়ে যায়। এ সময় সামনে ট্রাক দেখে ট্রলি চালক আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায় এবং চালক আনোয়ার নিজেই নিজের ট্রলির নিচে চাপা পড়েন।এতে গুরুতর আঘাত পেয়ে তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহ বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।