পঞ্চগড়ের করতোয়ায় পাথর তোলার সময় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

Date: শুক্রবার, মে ২২, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর তোলার সময় মাটি চাপা পড়ে গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের কালিয়ামনি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকের নাম আইয়ুব আলী (৩৫)। তিনি দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে কালিয়ামনি এলাকায় করতোয়া নদীতে একদল শ্রমিকের সঙ্গে পাথর উত্তোলনের কাজ করছিলেন আইয়ুব আলী। বিকেলে পাথর তোলার সময় পানিতে ডুব দিতেই হঠাৎ পাথর কোয়ারির পাড়ের মাটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে তিনি পানির নিচে মাটিচাপা পড়ে যান। পরে তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আইয়ুব আলী মারা যান।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, পাথর তোলার সময় মাটি চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Leave Your Comments