নীলফামারীর ডোমার উপজেলা থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে চিকিৎসার্থে যাওয়ার পথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি মাইক্রোবাসের চাকা ফেটে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার(১০জুন)দুপুরে দিকে বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ে রোডের তেঁতুলিয়া সদর উপজেলার 'বাংলা টি' (Bangla Tea) ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে,ডোমার উপজেলার বোরাগাড়ী ইউনিয়ন থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে তেঁতুলিয়ার বাংলা টির সামনে পৌঁছালে চলন্ত মাইক্রোবাসটির পেছনের বাম দিকের টায়ারটি হঠাৎ ফেটে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায়।
দুর্ঘটনায় আহতরা হলেন—ডোমারের নোয়ানি বাগডোগরা গ্রামের সুদির চন্দ্রের ছেলে পথচরণ (৩৭), বড় রাওতা গ্রামের বিষ্ণু মোহন রায়ের ছেলে ঈশ্বর চন্দ্র রায় (৩৯), জোড়াবাড়ি এলাকার রোহিনী কান্তের ছেলে পুলেশ (৩৫) এবং হরিদাস (৪৫)। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক জিয়াউর রহমান সুস্থ আছেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে 'বাংলা টি' কোম্পানির ম্যানেজার দ্রুত এগিয়ে আসেন এবং কোম্পানির গাড়ি দিয়ে আহতদের হাসপাতালে নেওয়া ও প্রয়োজনীয় সহযোগিতা করেন।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এবিষয়ে হাইওয়ে ওসি জানান,আমার টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।