গণমাধ্যমে সংবাদের জেরে দুস্থদের টাকা সরকারি কোষাগারে জমা দিলেন তেঁতুলিয়া তিরনইহাট চেয়ারম্যান

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি :

Date: বুধবার, জুন ১০, ২০২৬
news-banner
সংবাদ প্রকাশের পর দুস্থ নারীদের সঞ্চয়ের ৭ লাখ ১৮ হাজার ৭৪০ টাকা ব্যাংকে জমা দিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন। বুধবার (১০ জুন) অগ্রণী ব্যাংক শালবাহানহাট শাখায় এই টাকা জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্যালেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

তিরনইহাট ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ চক্রের ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ৩৬৩ জন অতি দরিদ্র দুস্থ নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, চাল উত্তোলনের আগে উপকারভোগী প্রত্যেক নারীকে প্রতি মাসে ২২০ টাকা করে সঞ্চয় জমা দিতে হয়। সেই হিসেবে প্রতি মাসে মোট ৭৯ হাজার ৮৬০ টাকা উত্তোলন করা হয়, যা নিয়ম অনুযায়ী উপকারভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা থাকার কথা।

অভিযোগ ওঠে যে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১১ মাসে মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৭৮ হাজার ৪৬০ টাকা। তবে চেয়ারম্যান আলমগীর হোসাইন শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাংকে জমা দিলেও বাকি ৯ মাসের ৭ লাখ ১৮ হাজার ৭৪০ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চাপের মুখে অবশেষে তিনি সেই টাকা ব্যাংকে জমা দিলেন।

Leave Your Comments