পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কেল্লারচরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে শিকারিদের একটি ট্রলার। আটক শিকারিদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিমের বনরক্ষীরা সুন্দরবনে নিয়মিত টহলের সময় বুধবার (১০ জুন) সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কেল্লারচর টহল ফাঁড়ির ছাপড়াখালীর বনে শিকারিদের পেতে রাখা ফাঁদ দেখতে পায়। বনরক্ষীরা তল্লাশি করে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারিকে আটক করে। ঘটনাস্থলের অদূরে খাল থেকে শিকারিদের একটি ট্রলার জব্দ করেন বনরক্ষীরা। আটক হরিণ শিকারিরা হলো শরনখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সোলায়মান হাওলাদার (৪০),রাসেল (৩৮),নয়ন বিশ্বাস (১৭),নুর আলম (১৮)।
অপরদিকে, সুন্দরবনে মাছ ধরায় নিষিদ্ধ সময়ে শরণখোলা রেঞ্জের সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার সাইডখালে বুধবার বিকেলে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলার ও জালসহ তিন জেলেকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা।
আটক জেলেরা হলো বরগুনা জেলার ছোট পাথরঘাটা গ্রামের হিরু (৪০),আলমগীর(৩৫),তামিম মৃধা (১৯)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, ফাঁদসহ আটক হরিণ শিকারিদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।