গত ২৮শে মে পবিত্র ঈদ উদ্যাপিত হওয়ার পর দুই সপ্তাহেরও বেশি সময় পার হলেও রংপুরের ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র 'ভিন্ন জগত'-এ দর্শনার্থীদের ঢল থামেনি। ঈদের পরদিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন হাজারো বিনোদনপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর রয়েছে এই পর্যটন কেন্দ্রটি। আজ আবহাওয়া চমৎকার ও বৃষ্টিহীন থাকায় দর্শনার্থীদের ভিড় আরও কয়েক গুণ বেড়ে গেছে। বিভাগীয় শহর রংপুরের পশ্চিমে, সদর উপজেলার পাগলাপীর-ডালিয়া মহাসড়ক সংলগ্ন খলেয়া ইউনিয়নের গঞ্জিপুরে অবস্থিত এই দৃষ্টিনন্দন পর্যটন এলাকা। ঈদের আনন্দকে দীর্ঘায়িত করতে এবং ছুটির আমেজ ধরে রাখতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ভিন্ন জগত।সরেজমিনে ঘুরে দেখা যায়, চমৎকার আবহাওয়ার সুযোগ নিয়ে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবসহ দল বেঁধে দর্শনার্থীরা ছুটে আসছেন। রাজশাহী ও পঞ্চগড় থেকে পরিবারসহ বেড়াতে আসা কয়েকজন দর্শনার্থী দম্পতি জানান, "ঈদ পার হয়ে গেলেও বেড়ানোর আনন্দ এখনো শেষ হয়নি। আজ আবহাওয়া খুব সুন্দর, কোনো বৃষ্টি নেই। তাই সপরিবারে রংপুরের বৃহত্তম বিনোদন কেন্দ্র ভিন্ন জগত-এ এলাম। এখানকার মনোরম পরিবেশ আমাদের দারুণভাবে মুগ্ধ করেছে।"সার্বিক পরিস্থিতি ও দর্শনার্থীদের সমাগম নিয়ে জানতে চাইলে ভিন্ন জগত-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ তৌহিদ আহাম্মেদ (বাপ্পি) বলেন, "২৮শে মে ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শনার্থীদের স্বস্তি ও বিনোদনের কথা মাথায় রেখে ভিন্ন জগত-কে আগের চেয়ে অনেক বেশি আধুনিক, উন্নত ও আকর্ষণীয় করে সাজানো হয়েছে। মনোরম এই আবহাওয়ায় নিরাপদ ও সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করতে আপনারা সবাই সপরিবারে ভিন্ন জগত-এ আমন্ত্রিত।"