সভায় আলোচনা ঠিকই হয়,মাদক নিয়ন্ত্রণ হয়না

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

Date: সোমবার, জুন ২৯, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলায় প্রতি মাসে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে জোরালো আলোচনা হয়, কিন্তু মাদক নিয়ন্ত্রণে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়না। নিয়ন্ত্রণহীন মাদকের মহামারিতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা, তাইতো মাদকের উপরে এবারও বিস্তার আলোচনা রাজনৈতিক নেতাদের। 
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০ টায় শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমবায় অফিসার ফয়সাল মাহমুদ,শরণখোলা থানার পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার ঘোষ,শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত,সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন,শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা রফিকুল ইসলাম কবির,সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা আমিন প্রমুখ। এসময় মাদক নিয়ে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন,প্রতি মাসে আইন-শৃঙ্খলা কমিটির সভা হয়। সভায় মাদক নিয়ে বিস্তার আলোচনা হয় কিন্তু বাস্তবে মাদক নিয়ন্ত্রণে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়না। তিনি বলেন,মাদক নিয়ন্ত্রণে শুধু পুলিশকে দায়ী করলেই চলবেনা। মাদকের সাথে জড়িত সরাসরি সরকারি দলের লোকজন। তাদেরকে ধরতে পুলিশ ভয় পায়। তাই নিজ দলের লোকদের নিয়ন্ত্রণ করতে হবে আগে। তাহলেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। 
তবে, মাদক নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি পুলিশকে দায়ী করে শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,প্রশাসন ছাড়া মাদক চলেনা। পুলিশ ইচ্ছা করলেই এটা নির্মুল করতে পারে,কিন্তু করেনা। এখনই যদি মাদক নিয়ন্ত্রণ করা না যায়,তাহলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। 
পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) বিপ্লব কুমার ঘোষ বলেন,মাদক যারা খায় তাদেরকে ধরা পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। তাই সম্মিলিতভাবে যদি এদেরকে প্রতিরোধ করা যায়, তাহলেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। 
শরণখোলা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার বলেন,সকলের প্রচেষ্টায় সম্ভব মাদকমুক্ত সুন্দর একটি শরণখোলা গড়ে তোলা। তাই এলাকার অপরাধ ও উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

Leave Your Comments