রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নের ধনিটারি মন্ডলপাড়া এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত ২ নং হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোজাহারুল ইসলাম। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বেহাল পড়ে থাকা এই রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদামাটিতে একাকার হয়ে যেত। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ মন্ডলপাড়া ও পাগলাপীর এলাকার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। জনগণের এই কষ্টের কথা বিবেচনা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোজাহারুল ইসলাম নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটিতে ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলেন।রাস্তা সংস্কারের পর স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সাধারণ মানুষ মোজাহারুল ইসলামের এই জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেছেন।স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, "ভোটের আগে অনেকেই বড় বড় কথা বললেও, মোজাহারুল ভাই প্রার্থী হয়েই যেভাবে আমাদের কষ্ট দূর করতে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়।" এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোজাহারুল ইসলাম বলেন, "জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য। মন্ডলপাড়া ও পাগলাপীর এলাকার মানুষের কষ্ট দেখে আমি এই উদ্যোগ নিয়েছি। জনপ্রতিনিধি নির্বাচিত হই বা না হই, সবসময় হরিদেবপুর ইউনিয়নের মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।"