৩২ বছর শিক্ষকতা জীবন শেষ করে রাজকীয় সংবর্ধনায় ভূষিত হলেন শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক শ্রী সুবাস চন্দ্র (বাবুল) দাস।বুধবার (১ জুলাই) কলেজ কর্তৃপক্ষ তাকে এই সংবর্ধনায় ভূষিত করেন।
সুবাস চন্দ্র দাস ১৯৯৪ সালে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর জীবনের ৩২টি বছর তিনি সুনামের সাথে ওই কলেজে শিক্ষকতা করে আসছেন। গত মঙ্গলবার (৩০ জুন) ছিলো শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে দীর্ঘ শিক্ষকতা জীবনে তার শেষ দিন।বাবুল দাস শুধু শিক্ষকই ছিলেন না। তিনি শিক্ষকতার পাশাপাশি করেছেন সাংবাদিকতা। দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় শরণখোলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন প্রায় ২৫টি বছর। এছাড়াও শরণখোলা প্রেসক্লাবে বারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন এই গুণী শিক্ষক। তাইতো তার বিদায় অনুষ্ঠানটি ছিলো বর্ণাঢ্য ও রাজকীয়।
এদিন বুধবার সকাল সাড়ে ৯ টায় কলেজ থেকে তার বাসার সামনে আসে সু-সজ্জিত একটি প্রাইভেট গাড়ি। সাথে ছিলেন কলেজের সিনিয়র,জুনিয়র মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষক। গাড়িতে বিদায়ী শিক্ষক বাবুল দাস ও তার পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয় কলেজে। ওদিকে কলেজ গেটে ফুলেল শুভেচ্ছা জানাতে অপেক্ষায় থাকেন কলেজের অধ্যক্ষ,শিক্ষক ও শিক্ষার্থীরা। শুভেচ্ছা শেষে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নূরুল আলম ফকির। এসময় উপস্থিত ছিলেন, কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। সুবাস চন্দ্র দাসকে বিদায় জানাতে গিয়ে অনেকেই তখন অশ্রুজলে সিক্ত হন। পরে বিদায়ী শিক্ষক সুবাস চন্দ্র দাসকে উপহার প্রদান করেন, শিক্ষক,কর্মচারী ও কলেজ কর্তৃপক্ষ।
আগামীতে এমন রাজকীয় বিদায় যেনো সবার বেলা হয় বিদায় অনুষ্ঠানে দাড়িয়ে সেই প্রত্যাশা করেন শিক্ষকরা।