বিদ্যুৎ বিল বকেয়া, অন্ধকারে মাগুড়া ইউনিয়ন পরিষদ

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
news-banner
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের দীর্ঘ কয়েক মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। গত সোমবার (২৯ জুন-২৬) রাত আনুমানিক ৮টার দিকে পরিষদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের প্রায় ২৯ হাজার ৩ শত ৯ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিল পরিশোধের জন্য একাধিকবার তাগিদ দেওয়া হলেও বিল পরিশোধ করেনি। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। পরিষদের দাপ্তরিক কাজও পরিচালনায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এদিকে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে ইউনিয়ন পরিষদ সেবা নিতে আসা ভুক্তভোগীরা।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ জানান,পরিষদে অর্থ না থাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। তাই সংযোগ বিচ্ছিন্ন করেছে। 

এ বিষয়ে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন,চেয়ারম্যান হওয়া থেকে পরিষদের বিদ্যুৎ বিল উদ্যোক্তা লিমন দেয়,কেন জানি সে পরিশোধ করেনি। লিমন ভালো বলতে পারবে। 
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী দীর্ঘদিন বিল বকেয়া থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়া বিল পরিশোধ করা হলে পুনরায় সংযোগ চালু করা হবে।

Leave Your Comments