গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা -পুত্র নিহত: নাতি হাসপাতালে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা - পুত্র নিহত হয়েছে। এ ঘটনায় সাত বছরের এক শিশু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার বড়বিল ইউনিয়নের মমো জুট মিলের সামনে গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বড়াইবাড়ী থেকে গঙ্গাচড়ার দিকে আসা ঢাকা মেট্রো-ট-১৮-১৯৫৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে গঙ্গাচড়া থেকে আলমবিদিতর এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে ট্রাকের সামনে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম মান্দ্রাইন গ্রামের প্রশান্ত চন্দ্র সরকার (৪০) ও তাঁর বাবা নির্মল চন্দ্র সরকার (৭০)। প্রশান্ত ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত নির্মল চন্দ্র সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা প্রশান্তের ছেলে বন্ধন চন্দ্র সরকার (৭) গুরুতর আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
 গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর ছবুর জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

Leave Your Comments