তীব্র গরমে হিট স্ট্রোক: তেঁতুলিয়ায় ক্ষেতে কাজ করার সময় যুবকের মৃত্যু

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র দাবদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে জয়নাল আবেদীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকার পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ওই গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে তীব্র রোদের মধ্যে নিজের ফসলি ক্ষেতে কোদাল দিয়ে কাজ করছিলেন জয়নাল। প্রচণ্ড গরমে হঠাৎ তিনি ক্ষেতের মধ্যেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমে 'হিট স্ট্রোক' করার কারণেই তার মৃত্যু হয়েছে।

জয়নাল আবেদীনের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো তেঁতুলিয়া সরকার পাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে তাপমাত্রা তীব্র আকার ধারণ করেছে। তীব্র রোদ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চিকিৎসকরা এই অসহনীয় গরমে সাধারণ মানুষকে সাবধানে থাকার এবং বিশেষ প্রয়োজন ছাড়া অতিরিক্ত রোদে কঠোর শারীরিক পরিশ্রম না করার পরামর্শ দিয়েছেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments