পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খাল অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদসহ ৪ শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের ব্যবহৃত নৌকাসহ আড়াই মণ কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু জব্দ করা হয়। পরে শনিবার (৪ জুলাই) রাতে ভোররাতে মৃগামারি খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ফরেস্ট স্টেশন ও আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা যৌথভাবে শনিবার ভোর রাতে মৃগামারি খালে অভিযান চালিয়। এ সময় একটি নৌকাসহ চার শিকারিকে হাতেনাতে আটক করে তারা। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০০ ফুট হরিণ ধরার ফাঁদ, ৭টি ঝুড়িতে রাখা আড়াই মণ কাঁকড়া, কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলো মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের বাসিন্দা ও সুন্দরবনের হরিণ শিকারি একাধিক বন মামলার আসামি ফরিদ হাওলাদার (৩০) তার সহযোগী আতাউর খান (২৮), মোজাম জোমাদ্দার (২৯) এবং রুহুল জোমাদ্দার (৩০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কাঁকড়া সংগ্রহ করছিল তারা।তিনি আরও জানান, আটক ফরিদ হাওলাদার একজন কুখ্যাত হরিণ শিকারি। তার বিরুদ্ধে একাধিক বন মামলা চলমান রয়েছে। এর আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করে। তিনি আরো জানান, আটক ৪ শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।