যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নিদের্শনায় আমরা বর্তমানে বাংলাদেশে প্রায় তিনশত জন খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছি। পর্যায়ক্রমে আরো দুইশত জন জাতীয় খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে সর্বমোট পাঁচশত জনকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।
তিনি আজ (শনিবার) খুলনায় রূপসা উপজেলার পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। লেখাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে পেশাগত স্বীকৃতি প্রদান করতে চাই। তিনি বলেন, খুলনা বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে। ঢাকাসহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে মাঠ সংরক্ষণ ও সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার উপযোগী মাঠ উপহার দিতে চাই। আটটি বিভাগ ও ১০ অঞ্চল ভাগ করে ১০টি স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামন মন্টু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু ও বিসিবির সাবেক পরিচালক খান জুলফিকার আলী জুলু। এতে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা-৪ আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের সমন্বয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় ১৫টি দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন ও তেরখাদা উপজেলার মধুগ্রাম ইউনিয়ন অংশগ্রহণ করে।