সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউপির মোজাফফর গ্রামে এলজিইডির পাকা আঞ্চলিক সরকারি রাস্তা দখল পুকুর খননের অভিযোগ উঠেছে আব্দুস সালাম খান সোহেলের বিরুদ্ধে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, অত্র এলাকায় আঞ্চলিক সড়কের পাশেই ৮ বিঘা জমিতে ১৫ ফুট গভীর করে পুকুর খনন করছে সোহেল খান। পুকুর খনন বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট ১৩/০৫/২৬ তারিখে সোহেল খানের বিরুদ্ধে ঐ গ্রামের আব্দুস সোবাহান লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। স্থানীয় বাসিন্দারা জানান,সোহেল খান এলাকার প্রভাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ প্রশাসনের নিকট অভিযোগ করার সাহস পায় না। সরকারি রাস্তা ও স্থাপনা থেকে অল্প গভীরতায় পুকুর খননের সময় ব্যক্তিগত জায়গায় ১০ ফুট ছেড়ে দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন,রাতের আঁধারে বেকু মেশিন দিয়ে ড্রাম ট্রাক যোগে অন্যত্র মাটি বিক্রি করছে। সরকারি রাস্তা ঘেঁষে পুকুর খনন করায় হুমকির মুখে পড়বে এলাকার একমাত্র আঞ্চলিক সড়ক। এ বিষয়ে আব্দুস সালাম খান সোহেল জানান, মাটি ব্যবসায়ীর কাছে আমি মাটি বিক্রি করেছি রাস্তা বাদ দিয়ে পুকুর খননের কথা রয়েছে। চান্দাইকোনা ইউনিয়ন সহকারী ( ভূমি) ফিরোজ হোসেন বলেন,আবাদী জমিতে পুকুর খনন নিয়মবহির্ভূত, সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রদান করা হবে। এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারীর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।