পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন ব্যবহারের অভিযোগে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও খেটে খাওয়া শ্রমিকরা।
রবিবার (২আগস্ট)দেবনগর ইউনিয়নের শিবচন্ডি এলাকায় করতোয়া নদী থেকে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে একটি মডিফাইড ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মামলার সাথে জড়িত আসল প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেলেও এলাকার সাধারণ ও নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দিন আনে দিন খায় এমন সাধারণ শ্রমিকরা মূলত টিউব দিয়ে বালু তুলে জীবিকা নির্বাহ করেন, যার সাথে কোনো ড্রেজার ব্যবসার দূরতম সম্পর্ক নেই। অথচ তাদের বিরুদ্ধেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, জব্দকৃত মেশিন বা পাইপটি অবৈধ কোনো ড্রেজার ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছিল না; বরং সেটি ‘কাজী এন্ড কাজী’ (Kazi & Kazi Tea Estates Ltd.)-এর চা বাগানে পানি সেচের কাজে ব্যবহার করা হচ্ছিল। প্রকৃত সত্য আড়াল করে সাধারণ শ্রমিক ও এলাকাবাসীকে এই হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
হয়রানিমূলক এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী।
অন্যদিকে তেঁতুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন রোধে আইনগত ব্যবস্থা হিসেবে এই অভিযান চালানো হয়েছে এবং ড্রেজারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।