ময়মনসিংহ বিভাগের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩ আগস্ট-২০২৬ ইং তারিখ রোজ সোমবার‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’-প্রতিপাদ্যকে ধারণ করে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয় ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন,মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে অভিযান চলাকালেই খাদ্য নমুনা পরীক্ষা করে ভেজাল ও অনিরাপদ খাদ্য দ্রুত শনাক্ত এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আধুনিক পরীক্ষাগার সরঞ্জাম মাঠপর্যায়ে খাদ্য নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি এই পরীক্ষাগারের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্যের মান যাচাই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আজাদ জাহান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক),ময়মনসিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।