গঙ্গাচড়া উপজেলায় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ধামুর কমিউনিটি ক্লিনিকে নতুন নির্মিত একটি আধুনিক ওয়াশ ব্লক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় এলাকার প্রায় ৬ হাজার পরিবার সরাসরি নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতার সুবিধা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে ওয়াশ ব্লক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: জেসমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহম্মেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো: আলেমুল বাসার, গংগাচড়া এডিপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, স্বাস্থ্য, পুষ্টি স্পেশালিস্ট পল্লব কান্তি রায় এবং উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি জানজাবিল বিনতে আহম্মেদ বলেন, "তৃণমূল পর্যায়ে মানসম্মত ও সুরক্ষামূলক স্বাস্থ্যসেবা পৌঁছাতে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন কাঠামোর বিকল্প নেই। এই ওয়াশ ব্লক কমিউনিটি ক্লিনিকের সামগ্রিক পরিবেশ উন্নত করার পাশাপাশি রোগী ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
ডা: আবু মো: আলেমুল বাসার বলেন ক্লিনিকে সেবা নিতে আসা সাধারণ রোগী, গর্ভবতী নারী, শিশু এবং কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য সার্বক্ষণিক নিরাপদ ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও সাবানের সুব্যবস্থা রাখার মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন এবং আর্ন্তজাতিক উন্নয়ন সংসংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমন্বয়ে বাস্তবায়িত এই উদ্যোগ স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানি ও স্যানিটেশন চাহিদাপূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করল। উপস্থিত অতিথিবৃন্দ ক্লিনিকের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে স্থানীয় এলাকাবাসী ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। কমিউনিটি ক্লিনিকে আধুনিক ওয়াশ ব্লক পেয়ে স্থানীয় বাসিন্দাগন সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।