ব্যাংক অ্যাকাউন্টে দুই দফায় ৪ লাখ ৭০ হাজার টাকা দেয়ার কয়েক মাস পরই ভাইয়ের মৃত্যুর পর বোনের দেয়া অর্থ দিতে অস্বীকার করেন মরহুমের ওয়ারিশগণ। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানিমর্দন গ্রামের মো. স্বপন মৃধার স্ত্রী মোসা. সাহেরা বেগম। সোমবার ( ১৭ আগষ্ট) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, সংবাদ সম্মেলনকারী সাহেরা হলেন- পটুয়াখালী কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের পানজু পাড়া গ্রামের মৃত বাহার আলী তালুকদারের মেয়ে । তিনি তার প্রাপ্য অর্থ ও স্বর্ণালংকার ফেরত পেতে প্রয়োজনে বিষয়টি সুষ্ঠু সমাধানে সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ন্যায্য বিচার চেয়েছেন।
তিনি বলেন, ভাই-বোনদের মধ্যে আমি বড় এবং আমার ৪ মেয়ে। আমরা ২ ভাই ২ বোন। এরমধ্যে ভাই খলিলুর রহমান তালুকদার প্রায় ২ মাস পূর্বে ২ ছেলে ও ২ মেয়ে রেখে মৃত্যূবরণ করেন। চলতি বছরের ১৫ জুন বিকেলে কুয়াকাটা মুরগীর বাজার সংলগ্ন 'মায়ের দোয়া' ভাতের হোটেলের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় খলিলুরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন অর্থাৎ ১৬ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণে হিসেবে ব্যবস্থাপত্রে উল্লেখ করেন, বিষপানে খলিলুরের মৃত্যু হয়েছে।