রংপুরে গ্রামীণ ও কুটির শিল্প মেলা শিগগিরই: উপার্জিত অর্থ যাবে প্রয়াস প্রতিবন্ধী স্কুলের কল্যাণে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
news-banner
রংপুরের ঘাঘট সেনা প্রয়াস পার্ক প্রাঙ্গণে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা’। রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক পরামর্শ ও বিধিমালা মেনে মেলার যাবতীয় প্রশাসনিক অনুমতি সম্পন্ন করা হয়েছে। তবে মেলা আয়োজনের খবর প্রকাশের পর থেকেই একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল এটি নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন আয়োজকেরা।আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সেনাবেষ্টনী ও সেনা নিয়ন্ত্রিত এলাকা হওয়ার কারণে মেলায় আগত দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত থাকবে। এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সামাজিক উদ্যোগ। মেলা পরিচালনা ও দরপত্রের মাধ্যমে উপার্জিত সমুদয় অর্থ স্থানীয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান ‘প্রয়াস প্রতিবন্ধী স্কুল’-এর উন্নয়ন ও এই শিশুদের সার্বিক কল্যাণে ব্যয় করা হবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলার সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে পারাপারের জন্য দুটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হয়েছে। প্রবেশমুখে রয়েছে আধুনিক স্থাপত্যশৈলীর গেট এবং মেলাজুড়ে করা হয়েছে মনোরম আলোকসজ্জা।নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা দ্বারা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দর্শনার্থীদের সহযোগিতায় দায়িত্ব পালন করবেন নিয়োজিত ভলান্টিয়ার ও সিকিউরিটি গার্ড।মেলায় আগতদের সুবিধার্থে সুবিশাল গাড়ি পার্কিং, সুনির্দিষ্ট নামাজ ঘর এবং নারী ও পুরুষদের জন্য পৃথক টয়লেটের সুব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং বা যেকোনো ধরনের হয়রানি রোধে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি ও সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ। এছাড়াও শিশু ও কিশোরদের বিনোদনের জন্য মেলায় থাকছে বিভিন্ন আধুনিক রাইডস, নাগরদোলা ও সার্কাসের আয়োজন। পাশাপাশি স্থান পাচ্ছে গ্রামীণ কুটির শিল্পের ঐতিহ্যবাহী সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্য, কসমেটিকস, আধুনিক পোশাকের রকমারি স্টল ও সাংস্কৃতিক প্রদর্শনী। ইতিমধ্যেই মেলা শুরু হওয়া নিয়ে রংপুর অঞ্চলের সাধারণ দর্শনার্থী ও পরিবারগুলোর মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অপপ্রচারের বিষয়ে মেলার পরিচালক ও সমন্বয়কারী এম, এ, মঈন খাঁন ও বাবুল হোসেন সাংবাদিকদের জানান, “মেলা নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা কথা দিচ্ছি, মেলায় কোনো অশালীন বা অনৈতিক কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। সকল নিয়মকানুন ও সামাজিকভাবে শতভাগ সুস্থ পরিবেশ বজায় রেখেই মেলা পরিচালিত হবে।” তারা আরও বলেন, “যেহেতু এই মেলার আয় স্থানীয় প্রয়াস প্রতিবন্ধী স্কুলের শিশুদের কল্যাণে ব্যয় হবে, তাই এটি রংপুরবাসীর জন্য একটি মহৎ উদ্যোগ। এই সামাজিক উদ্যোগকে সফল করতে আমরা স্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ সর্বস্তরের সাংবাদিক ভাইদের আন্তরিক সহযোগিতা ও বহুল প্রচার কামনা করছি। সকল অপপ্রচারে কান না দিয়ে সন্তান ও পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে মেলায় আসার জন্য আমরা রংপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি।” খুব শিগগিরই চোখধাঁধানো আয়োজনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

Leave Your Comments