আগামী এক মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেড বাড়ানো এবং বর্তমান সংকট পুরোপুরি দূর করার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গত ৫ সেপ্টেম্বর দুপুরে রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বাস্থ্য খাতকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালের প্রয়োজনীয় চাহিদাগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। অ্যানেশথেসিয়া বিশেষজ্ঞ পদায়ন সম্পন্ন হওয়ায় আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেডগুলো চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি। বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালের পূর্ববর্তী সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি দেখতে এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্যই এই সফর। একই দিনে সকালে মন্ত্রী পিএসসি সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন এবং পরে রমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন। সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে কিছুটা সময় লাগলেও প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসাই সরকারের মূল অগ্রাধিকার। অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম,বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ও রমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।