নীলফামারীর টেক্সটাইল এলাকায় ৫০ স্পটে পুলিশের চিরুনি অভিযান, আটক ২

এম আজম কামাল সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধিঃ

Date: সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬
news-banner
নীলফামারীর টেক্সটাইল এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০টিরও বেশি মাদক ব্যবসায়ীর বাড়ি ও মাদক ক্রয়-বিক্রয়ের স্পটে চিরুনি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ অভিযানে মাদক সেবনের সামগ্রীসহ এক ব্যক্তিকে এবং মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ বি এম ফয়জুল ইসলাম।

পুলিশ জানায়, অপরাধ গোয়েন্দা তথ্য ও বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ৫০টিরও বেশি মাদক ব্যবসায়ীর বাড়ি ও মাদক কেনাবেচার স্পট চিহ্নিত করা হয়। পরে থানা পুলিশ, ডিবি ও পুলিশ লাইন্সের সদস্যদের সমন্বয়ে এসব স্থানে একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে মাদক সেবনের সামগ্রীসহ একজনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক মামলার একজন পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবির ওসি ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

পুলিশের এমন ধারাবাহিক ও ব্যাপক চিরুনি অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে স্থানীয় জনগণকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments