মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান-এমপি সুবর্ণা সিকদার

বাগেরহাট প্রতিনিধি,

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
news-banner
বাগেরহাট-৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার বলেছেন, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মানুষের নিরাপত্তা, জনসেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমে জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুবর্ণা সিকদার বলেন, একটি উপজেলার সার্বিক উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠান বা ব্যাক্তির পক্ষে সম্ভব নয়। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে করতে হবে।

সভায় মোরেলগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা, জনদুর্ভোগ এবং চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ' র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে, বিএনপির কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,পৌর বিএনপি সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

Leave Your Comments