আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর উপজেলার ১ নং মমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সক্রিয় হয়ে উঠেছেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. আতাউর রহমান সরকার। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর সদর উপজেলার সাবেক এই সভাপতি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। নির্বাচন উপলক্ষে তিনি এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। স্থানীয় সর্বস্তরের প্রবীণ মুরুব্বি ও তরুণ সমাজের মধ্যে তাঁকে নিয়ে ব্যাপক আগ্রহ ও সমর্থন দেখা গেছে। নিজের নির্বাচনী ভাবনার কথা জানাতে গিয়ে মো. আতাউর রহমান সরকার বলেন, "আমি নিজেকে জনগণের প্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে সবসময় তাঁদের পাশে থাকতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন—বিশেষ করে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং অবহেলিত মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল উদ্দেশ্য। এলাকার মুরুব্বি ও তরুণদের যে ভালোবাসা ও সমর্থন আমি পাচ্ছি, তা আমাকে মানুষের সেবায় আরও উৎসাহিত করছে।" মমিনপুর ইউনিয়নের সচেতন মহল ও সাধারণ ভোটারদের ধারণা, রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সাধারণ ভোটারদের সর্বাত্মক সমর্থনে এলাকায় একটি বড় ধরনের সামাজিক ও সার্বিক পরিবর্তনের সুযোগ তৈরি হবে।