পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানি এক ট্রাকচালক ও কর্তব্যরত এক আনসার সদস্যের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ভুটানি ট্রাকচালক প্রীতম রায় (২৫) ও আনসার সদস্য জীবন আলীর (২৫) মধ্যে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। এতে বন্দরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে পোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে ট্রাকচালকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ট্রাকের সামনে থাকা ব্যারিয়ার সরানোকে কেন্দ্র করে তাঁর ভাইকে ছাতা দিয়ে ও কিল-ঘুষি মেরে আহত করা হয়েছে।
পোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘উভয় পক্ষকে হাত মিলিয়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, এর আগেও একই আনসার সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তাঁকে অন্যত্র বদলি করা হয়েছিল।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের শৃঙ্খলা বজায় রাখতে এবং দুই দেশের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।