বন্দরে অপহরণ মামলার আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি :

Date: সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়ের করা অপহরণ মামলার সন্দিগ্ধ আসামি ও জেলার তালিকাভুক্ত ছিনতাইকারী রফিকুল ইসলাম সানি (৩৫) এবং মো. আওরালী (৪৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
র‌্যাব-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সানজিদ হাসান রাফি (২৫) নামের এক যুবককে ‘তিন্নি’ পরিচয়ে এক নারী WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করে দেখা করার জন্য নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে মিশুক গাড়িতে তুলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
পরে তাকে রাজবাড়ি এলাকার একটি কবরস্থানের পেছনে নিয়ে আরও কয়েকজন সহযোগী যোগ দিয়ে শারীরিক নির্যাতন করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। জীবন রক্ষার্থে ভিকটিম বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে কয়েক ধাপে মোট ১ লাখ ২৪ হাজার ১৫০ টাকা প্রদান করেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হলে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১-এর একটি দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ সদর থানাধীন হাজীগঞ্জ এলাকা থেকে রফিকুল ইসলাম সানি এবং সদর থানাধীন কালীরবাজার এলাকা থেকে মো. আওরালীকে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সানি নারায়ণগঞ্জ জেলার তালিকাভুক্ত ছিনতাইকারী। গ্রেপ্তারের পর তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments