সৈয়দপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে চিরিরবন্দর এলাকার বাসিন্দা মো. সাব্বির হোসেনকে মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) এলাকার বাসিন্দা মো. ফরহাদ হোসেনের হেফাজত থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরহাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে সাব্বির হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজা জানান, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।