নীলফামারী সৈয়দপুরে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক সম্পর্কে মুসল্লিদের সচেতন করতে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে মাদক নির্মূল কমিটি, সৈয়দপুর।
আগামীকাল জুমার নামাজের আগে কিংবা খুতবায় মাদকের কুফল, ভয়াবহ পরিণতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা নিয়ে আলোচনা করার অনুরোধ জানিয়ে ইমাম ও খতিবদের কাছে লিখিত চিঠি দেওয়া হয়েছে।
মাদক নির্মূল কমিটি, সৈয়দপুরের আহ্বায়ক মো. এরশাদ হোসেন পাপ্পু ও সদস্য সচিব মো. সেকেন্দার আলী স্বাক্ষরিত চিঠিতে এ আহ্বান জানানো হয়।
চিঠিতে বলা হয়, মাদক বর্তমানে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা, অপরাধপ্রবণতা এবং তরুণদের অকাল মৃত্যুসহ নানা সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, ইসলামের আলোকে মাদক ও সব ধরনের ক্ষতিকর নেশার কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করতে ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই জুমার খুতবা ও আলোচনায় মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য রাখার জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মাদক নির্মূল কমিটি, সৈয়দপুর জানায়, সৈয়দপুরকে মাদকমুক্ত, সুখী, নিরাপদ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মসজিদের ইমাম-খতিবদের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে দুটি স্লোগান তুলে ধরা হয়।
“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন”
“মাদকমুক্ত সৈয়দপুর গড়ি, সুস্থ প্রজন্ম নিশ্চিত করি।”
এ ছাড়া সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে সমাজের সচেতন নাগরিকদের এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।