পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়োজিত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
এতে ৩ নম্বর তেঁতুলিয়া সদর ও ৬ নম্বর ভজনপুর ইউনিয়নের দুইজন সুপারভাইজার এবং ১৩ জন তথ্যসংগ্রহকারী অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজ উদ্দীন আহম্মেদ।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে তাঁদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ আরও নির্ভুল ও সুশৃঙ্খল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।