সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২অক্টোবর)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই সংবাদ সম্মেলন ও অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজ উদ্দীন আহম্মেদ এবং দেবনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে নিয়োজিত ৩নং তেঁতুলিয়া সদর ও ৬নং ভজনপুর ইউনিয়নের ২ জন সুপারভাইজার এবং ১৩ জন তথ্যসংগ্রহকারী অংশ নেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে বস্তনিষ্ঠ ও নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। অনুষ্ঠানে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, যাচাই-বাছাই প্রক্রিয়ার গুরুত্ব ও কৌশল সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, স্বচ্ছ ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে এই ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রকৃত সুবিধাভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তেঁতুলিয়ায় স্বাবলম্বী পরিবার গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।