সৈয়দপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে মই থেকে পড়ে প্রাণ গেল হায়দার আলীর

নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর, নীলফামারীঃ

Date: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
news-banner
নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে মই থেকে পড়ে হায়দার আলী (৪৭) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে ইউনিক অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হায়দার আলী নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের ঠিকাদারের অধীনে লাইন হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সৈয়দপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান ফটকের বিপরীতে সৈয়দপুর-নীলফামারী সড়কসংলগ্ন ওয়াপদা নতুনহাট এলাকার মৃত জোনাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিক অটো রাইস মিলের সামনের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগে সমস্যা দেখা দিলে সেটি মেরামতের জন্য হায়দার আলী ও মিস্ত্রি রাশেদ সেখানে যান। এ সময় রাশেদ মইয়ে উঠে কাজ করছিলেন। তাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিতে মই বেয়ে ওপরে উঠছিলেন হায়দার। মইয়ের মাঝামাঝি পৌঁছালে তিনি নিচে পাকা সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে মিস্ত্রি রাশেদ ও স্থানীয় লোকজন হায়দার আলীকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

নেসকোর সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম জানান, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট বিদ্যুৎলাইন বন্ধ ছিল। মিস্ত্রি রাশেদকে যন্ত্রপাতি দিতে মইয়ে ওঠার সময় হায়দার পড়ে যান। পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি পড়ে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

মৃত্যুকালে হায়দার আলী স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments