গঙ্গাচড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) গঙ্গাচড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারকে চিহ্নিত করে সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এ কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো যোগ্য পরিবার যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্টদের সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানানো হয়, যাতে প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করে কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু মিয়া লাল, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলীম প্রামাণিক এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদুন্নবী রিয়াদ।

সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি জানান, গঙ্গাচড়া উপজেলায়ও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে উপজেলার বড়বিল, গঙ্গাচড়া সদর ও আলমবিদিতর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments