আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উৎসবের রঙে সেজে উঠছে রংপুর। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও বর্ণিল করে তুলতে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুণ্ডু এবং সাধারণ সম্পাদক পার্থ বোস গণমাধ্যমকে জানান, এবার রংপুর জেলায় মোট ৭৪২টি এবং মহানগর এলাকায় ১৬৪টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পূজায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাড়তি আনন্দ ও অভূতপূর্ব উদ্দীপনা দেখা যাচ্ছে। কারণ, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সশরীরে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন। সরকারপ্রধানের এমন ঐতিহাসিক আগমন ঘিরে রংপুরজুড়ে এখন উৎসবের আমেজ বহুগুণ বেড়ে গেছে এবং মহামান্য প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সর্বস্তরের মানুষ ও আয়োজকেরা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আরও জানান, বর্তমান সরকার সবসময় সনাতন সম্প্রদায়ের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদান বাড়ানো হয়েছে। গতবার যেখানে প্রতি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল, এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। সরকারের এমন ইতিবাচক পদক্ষেপে সন্তোষ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। তারা জানান, দেশের সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা বজায় রাখতে তারা সর্বদা সরকারের পাশে থাকবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় রংপুরজুড়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে।