পঞ্চগড়-১ আসনের ৯০ মন্দিরে এমপি নওশাদ জমিরের আর্থিক সহযোগিতা

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
news-banner
পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলার ৯০টি মন্দিরে আর্থিক সহযোগিতা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ সহযোগিতা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর)সন্ধায় পঞ্চগড়ের তেঁতুলিয়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ সময় সংসদ সদস্যের পক্ষে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক এবং তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া।

এ ছাড়া তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, নির্বাচনী এলাকার তিনটি উপজেলার মোট ৯০টি মন্দিরে এ আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তার পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখাই এ উদ্যোগের লক্ষ্য।

Leave Your Comments