জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদোন্নতি পেয়ে দলটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন মো. মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী। গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি নিজ উপজেলা জাতীয় পার্টির মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও রংপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। তার এই পদোন্নতিতে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে দলের শীর্ষ নেতৃত্ব।