আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে নগরীর রাজনৈতিক আঙিনায় শুরু হয়েছে নতুন সমীকরণ। নির্বাচন কে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় ও স্থানীয় নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মোস্তফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিবের নাম। অনুসারীরা বলছেন বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নির্যাতিত ও বিপদগ্রস্ত নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন ভরসারস্থল। এখন প্রতিদান স্বরূপ এসব নেতাকর্মীরা রাকিবকে সামনে আনতে শুরু করেছেন।তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের দাবি, তরুণ ও গতিশীল নেতৃত্বের কারণে তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে রাকিবুল ইসলাম রাকিবের সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। বিগত সময়ে তৃণমূলের বিপদগ্রস্ত নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের একটি মজবুত ভিত্তি তৈরি করেছেন তিনি। বিশেষ করে যুবসমাজ ও তরুণ ভোটারের মধ্যে তার ব্যাপক প্রভাব ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
নির্বাচন সামনে রেখে সিটির বিভিন্ন ওয়ার্ডে তার অনুসারী ও যুবসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন। অনেক নেতাকর্মী বলছেন, নগরবাসীর আধুনিক সুবিধা নিশ্চিতকরণ ও পরিচ্ছন্ন নগর গড়তে নতুন এবং সৎ নেতৃত্বের প্রয়োজন, যেখানে রাকিব হতে পারেন উপযুক্ত পছন্দ।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিটি নির্বাচনে রাকিবুল ইসলাম রাকিব যদি শেষ পর্যন্ত মাঠে থাকেন, তবে তিনি অন্যতম প্রধান ও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হবেন।