রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজার থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. মকবুল হোসেন (৬৪) নামের এক কামার গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রংপুর কোতোয়ালী (সদর) থানার সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৪, তারিখ: ০১/১১/২০২৬) সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১১:৪৫ ঘটিকার সময় মকবুল হোসেন অটোরযোগে নিজ বাড়ি হরিদেবপুরে ফিরছিলেন। পথিমধ্যে উক্ত থানাধীন রতিরামপুর মৌজায় কোতোয়ালী থানার ২০০ গজ দক্ষিণ পাশে ইজিবাইক চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারালে তা রাস্তার পূর্ব পাশে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মকবুল হোসেনের ডান পায়ে মারাত্মক আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়, পায়ের মাংস ছিঁড়ে যায় এবং হাড় ভেঙে যায়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোলা জখমের সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আহত মকবুল হোসেনের পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে এবং তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আকস্মিক এই দুর্ঘটনায় ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি চরম মানবেতর ও আর্থিক সংকটে পড়েছে। উল্লেখ্য, দেশের বিদ্যমান সড়ক পরিবহন আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির চিকিৎসার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গঠিত 'আর্থিক সহায়তা তহবিল' থেকে অনুদান পাওয়ার বিধান রয়েছে। এমতাবস্থায়, বিআরটিএ কর্তৃপক্ষের নিকট আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি আর্থিক অনুদান মঞ্জুর করার আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার।