নেত্রকোনায় ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা করায় শিক্ষকের মৃত্যু দন্ড শিশুর দায়িত্ব রাষ্ট্রের

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
news-banner
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।এ মামলার অপর আসামি ও দণ্ডিত শিক্ষকের বড় ভাই আইমান ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

১১ নভেম্বর-২০২৬ ইং তারিখ রোজ বুধবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ নূরুল কবীর রুবেল।

আদালতের রায়ে বলা হয়, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে শিশুটি তার বাবা ও মায়ের পরিচয়ে পরিচিত হবে। বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে। পরবর্তী সময়ে দণ্ডিত আসামির সম্পত্তি থেকে এসব ব্যয় আদায় অথবা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনাও দিয়েছেন আদালত।

মামলার শেষ শুনানিতে নিজের সব সম্পত্তির বিনিময়েও মামলা থেকে মুক্তি চেয়েছিলেন প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ ওরফে সাগর। স্ত্রী ও সন্তানের কথা উল্লেখ করে দীর্ঘদিন কারাগারে থাকলে তাদের দেখাশোনা ও ভরণপোষণ কঠিন হয়ে পড়বে বলেও আদালতকে জানিয়েছিলেন তিনি। তবে আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান আপসের প্রসঙ্গ তুললে বিচারক তা নাকচ করে দেন।

গত ২৮ অক্টোবর-২০২৬ যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন।শুনানির একপর্যায়ে আসামি বিচারকের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ নূরুল কবীর রুবেল সন্তুষ্টি প্রকাশ করে বলেন,ওই শিক্ষক শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন। সাক্ষ্য নথিপত্র ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মাত্র নয় কার্যদিবসে এই রায় কার্যকর হয়েছে।

শিশুটির পরিবার সিলেটে বসবাস করার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি এলাকার একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত শিশুটি। ওই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক ছিলেন আমান উল্লাহ সাগর। মাদ্রাসায় থাকা অবস্থায় বিভিন্ন সময়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর পর শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এ ঘটনায় গত ২৩ এপ্রিল-২০২৬ ইং শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।মামলায় শিক্ষক সাগরের পাশাপাশি তার ভাই মামুন মিয়াকেও আসামি করা হয়। মামলা হওয়ার পর আত্মগোপনে চলে যান সাগর।পরে ৬ মে-২০২৬ ইং তারিখ ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ দেন।

গত ২ জুলাই-২০২৬ ইং তারিখ শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে নবজাতক ও মামলার প্রধান আসামি সাগরের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয়। আগস্টে প্রকাশিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

এরপর ২৮ আগস্ট-২০২৬ ইং তারিখ মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এবং তার ভাই আইমান ওরফে মামুন মিয়াকে অভিযুক্ত করা হয়।

Leave Your Comments