গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হত্যাচেষ্টায় মামলার প্রধান আসামি আমান আটক

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়ায় জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতি বার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন সোডাপীর এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমানের অবস্থান শনাক্ত করে প্রথমে সাদাপোশাকে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ওই এলাকায় গিয়ে তথ্যের সত্যতা যাচাই করেন। পরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা মামলা নম্বর ০৫, তারিখ ৪ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর ২৮৬/২৬-এর আসামি।

গ্রেপ্তার আমানুজ্জামান আমান (২৪) রংপুরের গঙ্গাচড়া উপজেলার উমর গ্রামের বাসিন্দা। সে উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।


গত ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজারে হামলার শিকার হন সাংবাদিক আব্দুল বারী দুলাল। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৩০ সেপ্টেম্বর। ওই দিন গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালান গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে এ অভিযানের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সাংবাদিক দুলালকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে, গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উমর বাজারে তাকে একা পেয়ে পথরোধ করা হয়। হামলার সময় কয়েকজন তাকে গলা চেপে ধরে এবং পেছন থেকে হাত আটকে রাখেন। এ সময় পেছন থেকে আরেক ব্যক্তি কাঠ কাটার ধারালো কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করেন। আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান সাংবাদিক দুলাল। এরপরও তাকে মারধর করা হয় । এ সময় বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় ছেলের সেমিস্টার ফি ও থাকা-খাওয়ার খরচ বিকাশে পাঠানোর জন্য সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা এবং শার্টের বাম পকেটে থাকা Oppo A57 মডেলের মোবাইল ফোনটি নিয়ে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।।



আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি। তিনি গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি। তাঁর ছেলে ওয়াসিমুল বারী সিয়াম ঢাকায় বাংলাদেশ বুলেটিনে সাংবাদিকতা করছেন।



এ ঘটনায় ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন সাংবাদিক আব্দুল বারী দুলাল। মামলায় আসামি, আমানুজ্জামান আমান (২৪), কামরুজ্জামান (২৬) ও রোকনুজ্জামান বাবু (২১) উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে। তাজ উদ্দিন (৫২) ও বেলাল হোসেন (৪৩) মৃত আব্দুল গফুরের ছেলে। হাবিবুর রহমান ওরফে লিখন (৩৩) লুৎফর রহমানের ছেলে। জয়দেব, ২ নম্বর ওয়ার্ড, কাগজীপাড়ার আজিজুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৮) ।অপর আসামি লাল মিয়া (৪৮) মৃত নুরুল হকের ছেলে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, বালু ব্যাবসায়ির হামলার ঘটনায় জৈষ্ঠ সাংবাদিক জনাব, আব্দুল বারী দুলালের উপর হামলা করেন। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি আমানুজ্জামান আমান দীর্ঘ দিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজ রংপুর শোটাপীরের মাজার ড্রীম টার্চ ফুলের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

Leave Your Comments