সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগর গ্রামে নরেন্দ্র নাথ দাস (১০০) জীবিত থাকলেও ভোটার তালিকায় তিনি এখন মৃত। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে কোদলাদিগর গ্রামে নরেন্দ্র নাথ ৫ জুন ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তার বয়স ১০০ বছর। বিগত ১০ বছর যাবত জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেন নাই। নরেন্দ্র নাথের বড় ছেলে দুলাল চন্দ্র দাস জানান,৬ মাস পূর্বে জমির খাজনা খারিজ দিতে গিয়ে এ ঘটনা সামনে আসে। বয়সের ভারে নুয়ে পড়া নরেন্দ্র কানে কম শোনেন, চোখে ঠিক মত দেখতে পারেন না। হাঁটাচলা ফেরা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জমি জমার খাজনা সহ যাবতীয় কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহার না করতে পেরে হতাশা প্রকাশ করেন, উপজেলা নির্বাচন অফিসে ঘুরে ঘুরে কোন সুরাহা হয়নি,সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে তিনি ভোটার তালিকায় নাম তুলতে অনুরোধ করেন। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম জানান, বিষয়টা খুবই দুঃখজনক তবে ভোটার তালিকায় নরেন্দ্র নাথের নাম দ্রুত অন্তর্ভুক্ত করা হবে।